ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মিরপুরে পোশাকশ্রমিক-বিএনপি সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে শুরু হওয়া উত্তেজনা একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার পাশে এ ঘটনা ঘটে। বর্তমানে কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, বুধবার সকালে জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রম বন্ধের চেষ্টা করেন আন্দোলনকারী শ্রমিকরা। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বাইরে নিয়ে আসেন তারা।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে উত্তেজনা প্রশমনে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ওই দুই এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা সড়কে নেমেছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।