রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহী অজ্ঞাত (৩৫) বছরের এক যুবক এবং উত্তরা তিন নম্বর সেক্টরে ট্রাকের ধাক্কায় শাহজাদা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হন।
যাত্রাবাড়ী থেকে ঐ অজ্ঞাত যুবককে উদ্ধার করে হাসপাতালে আনা কদমতলি থানার এসআই সাইফুল ইসলাম বলেন, তিনি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি কাভার্ডভ্যান ঐ বাইকটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে বাইকচালক গুরুতর আহত হন। পরে ঐ যুবককে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এসআই আরো বলেন, ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা নেবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে, শাহজাদাকে হাসপাতালে আনা সহকর্মী রাফাতুজ জামান বলেন, তারা ইকোলোজিকস নামে একটি আইটি ফার্মে চাকরি করেন। শাহজাদা আইটি ইঞ্জিনিয়ার ছিলেন। তার বাসা মোহাম্মদপুর এলাকায়।
তিনি আরো বলেন, রাতে ডিউটি শেষ করে বাসায় যাচ্ছিলেন। উত্তরা তিন নম্বর সেক্টরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় শাহজাদাকে। এতে রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ওসি মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহজাদার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।