ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অন্তর্বাসে লুকানো ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র ১০ মিনিটেই সমাধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩২, ১২ মে ২০২৪
অন্তর্বাসে লুকানো ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র ১০ মিনিটেই সমাধান
গ্রেফতার সদস্যরা। ছবি: ডেইলি বাংলাদেশ

অন্তর্বাসে লুকানো থাকতো অত্যাধুনিক ডিভাইস। এর মাধ্যমে মাত্র ১০ মিনিটেই সমাধান করা হতো বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। এমন একটি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জুয়েল খান, মো. রাসেল, মো. মাহমুদুল হাসান শাকিল, মো. আব্দুর রহমান, মো. আরিফুল ইসলাম, মো. আজহারুল ইসলাম ও মো. মাসুম হাওলাদার। তাদের কাছ থেকে বিশেষভাবে প্রস্তুত করা জিএসএম সুবিধাসংবলিত ১০টি অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, সাতটি মোবাইল ও ১০টি সিম কার্ড এবং একটি পকেট রাউটার জব্দ করা হয়েছে। 

Advertisement

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, পরীক্ষার্থীর কানের মধ্যে ক্ষুদ্র ডিভাইস থাকে, পকেটে থাকে রাউটার অথবা মেয়েদের অন্তর্বাসে বা ছেলেদের গেঞ্জির মধ্যে লুকানো ডিভাইসের সঙ্গে কানেক্টেড একটা সিম রাখে। এরপর বাইরে থেকে যখনই টেলিফোন করে সঙ্গে সঙ্গে পরীক্ষার্থী শুনতে পায় এবং ১০ মিনিটের মধ্যে উত্তরগুলো সলভ করে ফেলে। চক্রটি বাইরে থেকে উত্তর বলবে আর যাদের কাছে অন্তর্বাস বা গেঞ্জির সঙ্গে ডিভাইস থাকবে, তারা ভেতর থেকে উত্তরগুলো শুনে সঙ্গে সঙ্গে এমসিকিউ দাগিয়ে ফেলবে। 

চক্রের সদস্যরা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ (তৃতীয় ধাপ), বাংলাদেশ রেলওয়ের টিকিট কালেক্টর (গ্রেড ২) ও বুকিং অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ২), পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস সহায়ক, জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলের অফিস সহায়ক, মৎস্য বিভাগের অফিস সহায়ক, গণপূর্তের হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহায়ক, ভূমি মন্ত্রণালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপকসহ আরও বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় উল্লিখিত পন্থায় অপরাধকর্ম সংঘটিত করেছে। 

ডিবি জানায়, এই চক্রটি চাকরিভেদে এমসিকিউ লিখিত পরীক্ষায় টিকিয়ে দেওয়ার জন্য ৩ থেকে ৫ লাখ টাকা এবং লিখিত, ভাইভাসহ ৮ থেকে ১০ লাখ টাকা পরীক্ষার্থীদের কাছ থেকে নিত।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!