ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জামাইয়ের প্রলোভনে ইয়াবা কিনতে গিয়ে ধরা খেল শ্বশুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৯, ১৭ জুলাই ২০২৩
জামাইয়ের প্রলোভনে ইয়াবা কিনতে গিয়ে ধরা খেল শ্বশুর
গ্রেফতার তিন ইয়াবা ব্যবসায়ী। ছবি:

ইয়াবা ব্যবসায়ী মেয়ে জামাইয়ের প্রলোভনে ইয়াবা কিনতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছেন শ্বশুর। রোববার রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে কাশেম শেখ (৬৬) নামের ঐ বৃদ্ধকে গ্রেফতার করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের মতিঝিল সার্কেল তাকে গ্রেফতার করে। সার্কেল পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- মো. আব্দুল কুদ্দুস (৩২) ও মো. নিজাম উদ্দিন (২১)। গ্রেফতারদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

Advertisement

সোমবার ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গ্রেফতার আব্দুল কুদ্দুস কক্সবাজারভিত্তিক মাদক পাচারকারী এবং নিজাম উদ্দিন মীর রেডিমিক্স কোম্পানির গাড়ির হেল্পার।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে সুব্রত সরকার বলেন, গ্রেফতার আব্দুল কুদ্দুস একজন পেশাদার মাদক পাচারকারী। চট্টগ্রামের মাদক কারবারি ইব্রাহিমের কাছ থেকে ইয়াবা নিয়ে তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার মাদক কারবারি রিপনের কাছে বিক্রির জন্য এসেছিলেন।

কাশেম শেখের জামাই রিপন মীর রেডিমিক্স কংক্রিটের গাড়িচালক। ইয়াবা সংগ্রহের জন্য তার গাড়ির হেল্পার নিজাম উদ্দিন এবং শ্বশুর কাশেম শেখকে পাঠান। নিজাম উদ্দিন খুচরা মাদক ব্যবসায়ী এবং কাশেম শেখ মেয়ে জামাইয়ের প্রলোভনে পড়ে ইয়াবা পাচারে জড়িত হন।

গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে আব্দুল কুদ্দুসের কাছ থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নিজাম উদ্দিনের কাছ থেকে ৬০০ এবং কাশেম শেখের কাছ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসির এ কর্মকর্তা আরো বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক পাচারে যুক্ত। তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইয়াবা
লিংক সফলভাবে কপি হয়েছে!