ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে সাবানের প্যাকেটে ইয়াবা পাচার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬, ৯ জুলাই ২০২৩
যাত্রাবাড়ীতে সাবানের প্যাকেটে ইয়াবা পাচার, গ্রেফতার ৩
সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে সাবানের প্যাকেটে ইয়াবা পাচারকালে ১২ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা কক্সবাজারের উখিয়া-টেকনাফের মাদক কারবারি।

শনিবার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো:(দক্ষিণ) বিভাগের একটি টিম।

গ্রেফতাররা হলেন- খোরশেদ আলম জিসান (৩২) ও জিয়াউল হক (৪৫)। গ্রেফতার খোরশেদ আলম জিসান আবুল খায়ের গ্রুপের মার্কেটিং ম্যানেজার।

Advertisement

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রোর (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সূত্রাপুর সার্কেলের একটি টিম যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় লাক্স সাবানের কার্টনের ভেতরে সাবানের প্যাকেটে ইয়াবা পাচারকালে ১২ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের উখিয়াভিত্তিক মাদক পাচারকারী খোরশেদ আলম জিসান ও জিয়াউল হককে গ্রেফতার করা হয়।

অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এ কর্মকর্তা জানান, গ্রেফতার খোরশেদ আলম জিসান ও জিয়াউল হক পেশাদার মাদক পাচারকারী। খোরশেদ আলম জিসান আবুল খায়ের গ্রুপের মার্কেটিং ম্যানেজার এবং জিয়াউল হক তার সহযোগী হিসেবে সাবানসহ বিভিন্ন পণ্যের কার্টনে ইয়াবা পাচারকাজে যুক্ত ছিল। সড়কপথে বাসে কিংবা ট্রেনে পণ্য সরবরাহের আড়ালে ইয়াবা পাচার করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে আগে মাদক মামলা ছিল কিনা প্রাথমিকভাবে তা যাচাই করা না গেলেও, তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারে যুক্ত বলে জানা গেছে। তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

একইদিন রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ নুরুল আলম (৪০) নামে আরেক মাদক কারবারীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তিনি কুমিল্লা থেকে গাঁজা নিয়ে ঢাকার সাভারে যাচ্ছিল বলে জানায়। সে একজন গার্মেন্টস কর্মী এবং সাভার এলাকায় নিজেই গাঁজা খুচরা বিক্রয় করে। 

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী এবং গেন্ডারিয়া থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!