নৌকার আদলে ফুটওভার ব্রিজ, থাকছে এস্কেলেটর
রাজধানীর আফতাবনগরে ৪ কোটি টাকা ব্যয়ে নৌকার আদলে ফুটওভার ব্রিজ নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। দৃষ্টিনন্দন এ ফুটওভার ব্রিজে থাকছে দুটি এস্কেলেটর।
বুধবার আফতাবনগর-মেরুল প্রধান সড়কে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ফুটওভার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
এ উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মেয়র আতিক বলেন, নিরাপদে পথচারী পারাপারের লক্ষ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে। এ ফুটওভার ব্রিজে দুটি এস্কেলেটর থাকবে। ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে নিরাপদে রাস্তা পারাপার হতে পারবেন। এছাড়া রামপুরা, বনশ্রী, আফতাবনগর, মেরুল বাড্ডা, হাতিরঝিল এলাকায় যাতায়াতকারীরাও নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ পাবেন।
এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র আতিক।
সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমসহ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।