ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল, ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫০, ৭ এপ্রিল ২০২৩
বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল, ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া
বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল, বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র রমজান মাসের আজ ১৫তম রোজা। পাশাপাশি রমজান মাসের তৃতীয় জুমা। এই জুমার নামাজ শেষে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার নামাজ শেষে দোয়া পরিচালনা করেন খতিব মুফতি রুহুল আমীন। এতে আগুনে সহায়-সম্বল হারানো পরিবারগুলোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Advertisement

এর আগে, দুপুর সাড়ে ১২টার মধ্যেই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। দুপুর দেড়টায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। 

দোয়ায় আল্লাহর সাহায্য চেয়ে বলা হয়, বঙ্গবাজারে দেশের স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এ আগুনে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে কোটি টাকা হারিয়ে নিঃস্ব হয়েছে। আল্লাহতায়ালার কাছে সবাইকে ধৈর্য ধরার তৌফিক কামনা করা হয়।  

দোয়ায় মুফতি রুহুল আমীন জানান, বর্তমানে রজমানের মাগফিরাতের দশক চলছে। এ দশক উপলক্ষে আল্লাহ কোটি কোটি বান্দাকে ক্ষমা করে দেবেন। সেই ক্ষমাপ্রাপ্তদের তালিকায় যেন মসজিদে উপস্থিত সব মুসল্লিকে রাখা হয়। এসময় উপস্থিত মুসল্লিরা ‘আমিন’, ‘আল্লাহুম্মা আমিন’ বলেন।

সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় বায়তুল মোকাররমে আজ নারী ও শিশু মুসল্লিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। অনেকে বহু দূর-দূরান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!