ঢাকার শ্যামপুর থেকে সাভার পরিবহনের একটি বাসে চড়ে বাড়ি যাচ্ছিলেন আবুল কালাম। গুলিস্তানের একটু সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বাসের ওপর এসে পড়ে বিভিন্ন ধরনের বস্তু।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে নিজের অভিজ্ঞতার কথা এভাবেই জানিয়েছেন কারখানা শ্রমিক আবুল কালাম।
.png)
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকের এ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া শতাধিক আহত হয়েছে। আহতদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।
আবুল কালাম প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সঙ্গে কথা বলার সময় বারবার বলছিলেন জীবিত ফিরে আসার কথা। তিনি বলেন, হঠাৎ কী যে বিকট শব্দ! জ্ঞান হারিয়ে ফেলি। কিছুই মনে করতে পারছিলাম না।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় স্যানেটারি দোকান এবং বাকি চারটি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।