ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রভাতেই তাদের জীবন

মিনহাজুল ইসলাম
প্রকাশিত: ১১:২২, ২০ ফেব্রুয়ারি ২০২৩
প্রভাতেই তাদের জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোরের ঈষৎ আলো ফুটেছে কেবল, বয়ে চলছে মৃদুমন্দ বাতাস। নেই ব্যস্ত শহরের হইচই। কিছুক্ষণ পর পর লঞ্চের এগিয়ে যাওয়ার রব উঠছে। এরই মাঝে শোনা যাচ্ছে একজন কমান্ডারের ধ্বনি। হাত সামনে মেলুন, পা উঁচু করে দাঁড়ান, ১ থেকে ৩০ পর্যন্ত গুনুন... এভাবেই প্রতিদিন সকালে ঢাকার বুড়িগঙ্গার পাশে একদল যুবা-বৃদ্ধকে ব্যায়াম করতে দেখা যায়।

এ যেন পুরান ঢাকার ঐতিহ্যর বিরুদ্ধে অবস্থান। যেখানকার মানুষের রাতই শুরু হয় ৩টা বা ৪টায়, সেখানে সকাল ৬টায় এমন আয়োজনে শত মানুষের উপস্থিতি মোটেও সহজ ব্যাপার নয়।

প্রতিদিন ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা ব্যায়ামের মাঝে ২৫-৩০টি রীতি পালন করেন। এই সংঘে ছুটির দিনগুলোতে উপস্থিতির পরিমাণ বেশি দেখা যায়। এখানে দেখা যায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সাবেক সরকারি কর্মকর্তা, ব্যাংকার, চাকরিজীবী, অবসরপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়মিত দেখা যায়। ২৫-৮০ বছর বয়সী সমানতালে ব্যায়াম করেন। সংঘের সদস্যদের প্রতি মাসে নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়। এই টাকায় সংঘ পরিচালনা ব্যয় ও মানুষকে সহযোগিতা করে থাকে। 

Advertisement

২০১২ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন লন্ডনে বসবাসরত উক্ত এলাকার বাসিন্দা জনাব আশরাফ আলী। তিনি লন্ডনে থাকাকালীন সেখানকার মানুষের স্বাস্থ্য সচেতনতা দেখে উদ্ভুদ্ধ হন। তিনি বলেন, সেখানকার ৭০-৮০ বছর বয়সীদের দেখলে আমাদের ৫০ বছর বয়সীদের মতো মনে হয়। আমাদের দেশের বয়স্করা একটু ভাব প্রবণ। ব্যায়ামকে লজ্জা হিসেবে দেখে। এলাকার আমার বন্ধুদের সঙ্গে প্রথম এই বিষয়য়ে আলাপ করি। ওরা উৎসাহ দেখালে আমরা ‘বুড়িগঙ্গা প্রভাতী সংঘ’ নামে সংগঠনটি শুরু করি। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৩৫ জন।

কথা হয় ৮১ বছর বয়স্ক জনাব আব্দুল ওহাব সাহেবের সঙ্গে। তিনি বলেন, ব্যায়ামের কোনো বয়স নেই। দেহ-মন সুস্থ রাখতে হলে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। আগের মতো এখন আর ব্যায়াম করতে পারি না। এরপরও ওদের সঙ্গে এসে নিয়মিত লাইনে দাঁড়াই।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাইমুল হক বলেন, এখনকার অধিকাংশ শিক্ষার্থী রাতে জাগে আর সকালে ঘুমায়। যা জীবনযুদ্ধে তাদের অনেক পেছনে ঠেলে দেয়। অথচ, সকালটা যদি শুরু হয় শরীরচর্চার মাধ্যমে, তাহলে সারাদিন অনেক বেশি প্রাণবন্ত লাগে। মস্তিষ্ক ভালো কাজ করে, শরীরও সুস্থ থাকে।

নিয়মিত কমান্ড দেন ৫০ বছর বয়সী ফারুক আহমেদ । তিনি বলেন, ফজরের পরপর এখানে না এলে সারাটি দিন অস্বস্তিতে কাটে। বন্ধুরা সবাই একত্রে ব্যায়াম করে আড্ডা দেই। জীবনকে উপভোগের জন্য সকালে ঘুমের চেয়ে ব্যায়াম গুরুত্বপূর্ণ। আমরা এখানে হপ্তপদাসন, পদ্মাসনে প্রণায়ম, ত্রিকোণাসন,অর্ধচন্দ্রাসন, বৃক্ষাসন, কোণাসন ইত্যাদি ব্যায়াম নিয়মিত করে থাকি।

চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন সূত্র অনুযায়ী, সকালে ব্যায়াম করলে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়। ফলে পেশী মজবুত হয়। যারা স্থুলতার সমস্যায় ভোগেন, তাদের জন্য সকালে ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। সন্ধ্যার ব্যায়ামের তুলনায় সকালের ব্যয়াম চর্বি-মেদ কমাতে সাহায্য করে। এছাড়া মানসিক রোগ ও ডায়াবেটিস আক্রান্তদের জন্য সকালে ব্যায়াম ওষুধের মতো কার্যকরী। এটি সুস্থ দেহ ও সুন্দর মন গড়ার জন্য এক অমোঘ ওষুধ।

তাইতো ‘বুড়িগঙ্গা প্রভাতী সংঘ’ মূলত পুরান ঢাকার চিরায়ত নিয়মকে উপেক্ষা করে প্রভাতেই জীবন শুরু করায় উদ্বুদ্ধ করছে সবাইকে। ‘প্রভাতে জীবন’ স্লোগান ধারণ করে এগিয়ে চলছে তারা। এই সংগঠন শহরবাসীর স্বাস্থ্য সচেতনতায় আগামীর আলোর বর্তিকা হবে- এমনটাই প্রত্যাশা সদস্যদের।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!