ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

পুরান ঢাকায় সরস্বতী পূজা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৫, ২৬ জানুয়ারি ২০২৩
পুরান ঢাকায় সরস্বতী পূজা উদযাপিত
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনে পুরান ঢাকায় উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এদিন অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

বাণী অর্চনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পুরান ঢাকার প্রতিটি মণ্ডপে দেবীর অর্চনা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। দেবীর সামনে অঞ্জলি দিয়ে ছোট শিশুদের বিদ্যাচর্চার হাতেখড়ি হয়।

পূজা উপলক্ষে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের উপস্থিতিতে উৎসবস্থলে পরিণত হয় লক্ষ্মীবাজার, কাঠেরপুল, সিংটোলা, শাঁখারি বাজারসহ পুরান ঢাকার বিভিন্ন মণ্ডপ।

পুরান ঢাকায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। যাদের পূজা আয়োজনের জায়গা সংকট ছিল, তারা রাস্তায় মণ্ডপ বসিয়ে আরাধনা করেন। ঢাক-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরান ঢাকার বিভিন্ন মণ্ডপ।

এদিকে প্রতিবারের মতো এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবন, শহিদ মিনার, কাঠালতলাসহ বেশ কয়েকটি জায়গায় স্থাপন করা হয় পূজা মণ্ডপ। শিক্ষার্থীদের পাশাপাশি পুরান ঢাকার বিভিন্ন স্থানের মানুষের ঢল নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

এদিন সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো বিদ্যা-বুদ্ধির বিকাশের জন্য দর্শনার্থীরা দেবীর কাছে প্রার্থনা করেন।

সরস্বতীকে বিদ্যা ও ললিতকলার দেবী হিসেবে পূজা করেন হিন্দু ধর্মের অনুসারীরা। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী ও শক্তির আঁধার হিসেবে এ দেবীর আরাধনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!