ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

১৩ বছরের সাজা থেকে বাঁচতে ৩৪ বছর আত্মগোপন, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১৭, ৩০ সেপ্টেম্বর ২০২২
১৩ বছরের সাজা থেকে বাঁচতে ৩৪ বছর আত্মগোপন, অবশেষে গ্রেফতার
ফাইল ছবি

রাজধানীর কাফরুল এলাকা থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাজহারুল আলম ওরফে  নাজিরকে(৭০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাজহারুল মানিকগঞ্জ জেলার সদর থানার নালড়া এলাকার বাসিন্দা। সিল ও স্বাক্ষর জাল করে সরকারি অর্থ আত্মাসাৎ ও সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে দুর্নীতি ও প্রতারণা করে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের মামলায় সে ৪ মাস কারাভোগ করে। আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। এরপর সে দীর্ঘ ৩৪ বছর যাবত পলাতক ছিল। এর মধ্যে ১৯৮৮ সালে তার ১৩ বছরের কারাদণ্ড হয়।

র‌্যাব-৪ এর এএসপি (মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের এ কর্মকর্তা জানা, মাজহারুল ১৯৮১ সালে নিজের সনদপত্র জালিয়াতি করে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা মুন্সেফি আদালতে নাজির হিসেবে চাকুরিতে যোগদান করে। 

কর্মরত অবস্থায় সে আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিল ও স্বাক্ষর জাল করে দুর্নীতিসহ জাল সিল ও স্বাক্ষর দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। 

এসব অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর তাকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোর্পদ করে। 

এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, মাজহারুল ৪ মাস কারাভোগ করে আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। এ মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৯৮৮ সালের ১ ডিসেম্বর আদালত মাজহারুলকে ১৩ বছরের কারাদন্ড প্রদান করে। রায়ে তাকে ৪ হাজার টাকা জরিমানাও করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!