চারতলার সানশেডে দাঁড়িয়ে চুরি, পড়ে গিয়ে চোরের মৃত্যু
রাজধানীর একটি বহুতল ভবনে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উত্তর শাহজাহানপুরে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস বাউন্ডারির ওপর থেকে মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শাহজাহানপুর থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান, উত্তর শাহজাহানপুরের একটি বাসার ছয়তলা ভবনের চারতলায় চুরি করতে ওঠেন ওই ব্যক্তি। সে ভবনের একটি সানশেডে দাঁড়িয়ে জানালা দিয়ে চুরি করার সময় বাসার লোকজন টের পায়। পরে বাসার লোকজন চোর চোর বলে চিৎকার করে। এ সময় তাড়াতাড়ি পালাতে গিয়ে চারতলা থেকে নিচে বাউন্ডারির রড ও কাটা তারে আটকা পড়েন তিনি।
এ ঘটনায় নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ