ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৯, ৫ আগস্ট ২০২০
অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কর্পোরেশনের আওতাধীন এলাকায় অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার কার্যক্রম শুরুর প্রথম দিনে ধানমন্ডির মিরপুর রোডের সিটি কলেজ থেকে ল্যাবএইড হাসপাতাল, জিগাতলা বাসস্ট্যান্ডের আশপাশের এলাকায় এবং নগর ভবন হয়ে গুলিস্তান ও ফুলবাড়িয়া মার্কেট এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে ধানমন্ডির ২ থেকে ৪ নম্বর রোড ও জিগাতলা এলাকায়, সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে সকালে বঙ্গবাজার ট্রাফিক সিগন্যাল থেকে নগর ভবন হয়ে গুলিস্তান এবং ফুলবাড়িয়া মার্কেট এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। সন্ধ্যা পৌনে ৫টায় উভয় ভ্রাম্যমাণ আদালত প্রথম দিনের কার্যক্রম শেষ করে।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গ বাজার ট্রাফিক সিগন্যাল থেকে নগর ভবন হয়ে গুলিস্তান ও ফুলবাড়িয়া মার্কেট এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, আগামীকাল ফুলবাড়িয়া মার্কেট থেকে পরবর্তী দিনের কার্যক্রম শুরু করে পার্শ্ববর্তী বঙ্গ বাজার, আনন্দবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হবে। 

ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান চলমান এই অবৈধ কার্যক্রম সম্পর্কে বলেন,  ডিএসসিসির মেয়রের নির্দেশনার আলোকে ও ‘কেবল টেলিভিশন পরিচালনা আইন-২০০৬’ মোতাবেক ডিএসসিসি এলাকায় অবৈধ ক্যাবল সংযোগের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে। 

এ সময় মো. মুনিরুজ্জামান জানান, আগামীকাল জিগাতলা থেকে আমরা পরবর্তী দিনের কার্যক্রম শুরু করবো।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!