চবিতে ডেঙ্গুতে আক্রান্ত ৩ শিক্ষার্থী, একজনের প্লাটিলেট নেমেছিল ২০ হাজারে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত এক সপ্তাহে তিন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তাঁর রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে ২০ হাজারে নেমে এসেছিল। বর্তমানে তিনি সুস্থ হয়ে ফিরেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র।
বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা (চিফ মেডিকেল অফিসার) ডা. মোহাম্মদ আবু তৈয়ব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি সময়ে ডেঙ্গুর সংক্রমণ কিছুটা বেশি হলেও এখন পর্যন্ত গুরুতর পরিস্থিতি তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রেই অধিকাংশ রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।
ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘গত সপ্তাহে তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। তবে একজন শিক্ষার্থীর রক্তে প্লাটিলেটের পরিমাণ ২০ হাজারে নেমে যাওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তিনি এখন সুস্থ হয়ে ফিরে এসেছেন।’
চট্টগ্রাম নগরী ও বিশ্ববিদ্যালয় এলাকায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, 'পাহাড়ি এলাকা, চট্টগ্রাম নগরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি। সাধারণত রোগীর শারীরিক অবস্থা ও প্লাটিলেটের মাত্রা বিবেচনায় চিকিৎসা দেওয়া হয়। পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন।'
বিশ্ববিদ্যালয়ে মশার বিস্তার রোধে প্রশাসনের কার্যক্রম নিয়ে এই চিকিৎসক বলেন, 'মশা নিধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে ফগিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। তবে এ কার্যক্রম আরও জোরদার ও নিয়মিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনকে এ বিষয়ে নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।'
ডেঙ্গুর বিপজ্জনক লক্ষণ সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, 'জ্বর কমে যাওয়ার পরও রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে পারে। এ সময় শ্বাসকষ্ট, কালো পায়খানা, মাড়ি দিয়ে রক্তপাত, পেটে তীব্র ব্যথা, বারবার বমি, ডায়রিয়া কিংবা রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এসব লক্ষণ ডেঙ্গুর গুরুতর অবস্থার ইঙ্গিত হতে পারে।'
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ছোট পাত্র, ফুলের টব ও ডাবের খোসায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। মেস ও কটেজে বসবাসরত শিক্ষার্থীদের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাতে নিয়মিত মশারি ব্যবহারের পরামর্শ দেন তিনি।'