জাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র সামিট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) থার্মোকল জেইউর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘বিয়ন্ড সাইলেন্স ২০২৬ ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট’।
২০ থেকে ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভেন্যুতে আয়োজিত এ সামিটে দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা, ভিজ্যুয়াল স্টোরিটেলার, শিক্ষার্থী ও চলচ্চিত্রপ্রেমীরা অংশ নেন।
.png)
চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে সংলাপ, সৃজনশীলতা, মানবিক যোগাযোগ এবং সামাজিক সচেতনতা বাড়ানোই ছিল আয়োজনটির মূল উদ্দেশ্য।
সামিটের প্রথম দিন রোববার (২০ সেপ্টেম্বর) জহির রায়হান মিলনায়তনে ‘কাট অব টি’ শীর্ষক অনানুষ্ঠানিক চলচ্চিত্র নির্মাতা ও অংশগ্রহণকারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে চলচ্চিত্র, নির্মাণ প্রক্রিয়া ও ফিল্ম অ্যাক্টিভিজম নিয়ে নির্মাতা, শিক্ষার্থী ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে মুক্ত আলোচনা ও মতবিনিময় হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) জহির রায়হান মিলনায়তনে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের অবদানকে স্মরণ করে আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক জামাল উদ্দীন এবং জাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম।
এদিন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) লেকচারার আল আমিন রাকিব তনয় ‘বিয়ন্ড দ্য ফ্রেম মাস্টারক্লাস’ পরিচালনা করেন। পাশাপাশি চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ‘ফিল্ম এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে সামিটের শেষ দিনের আয়োজন অনুষ্ঠিত হয়। এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাবিব নাজমুস ছাকিব ‘বিয়ন্ড দ্য ফ্রেম মাস্টারক্লাস’ পরিচালনা করেন।
শেষ দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘ইন্টারন্যাশনাল ভয়েস এক্সচেঞ্জ’। এ পর্বে দেশ-বিদেশের নির্মাতা ও অংশগ্রহণকারীরা সৃজনশীল বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক সংলাপের সুযোগ পান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ এবং নির্মাতা ও গবেষক শ্যামল শিশির। অনলাইনে যুক্ত হন অস্ট্রেলিয়ার চলচ্চিত্র নির্মাতা ফাইজা বাতুল।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের (ডব্লিউএমএসআরসি) পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাতা, শিক্ষার্থী ও চলচ্চিত্রপ্রেমীদের পাশাপাশি জাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম এবং জাবি প্রেসক্লাবের সভাপতি এস.এম. তাওহিদ সম্মাননা গ্রহণ করেন।
আয়োজনটির টেকনিক্যাল পার্টনার ছিল ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), স্ট্র্যাটেজিক পার্টনার বাংলাদেশ ফিল্ম ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, ইভেন্ট পার্টনার হেল্প দ্য ফিউচার এবং রিসার্চ পার্টনার বাংলাদেশ রিসার্চ সোসাইটি (বিডিআরএস)।