ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

চবিকে গবেষণা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই: উপাচার্য

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চবিকে গবেষণা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই: উপাচার্য
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) গবেষণা ও পড়াশোনার চারণভূমি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে সম্মানজনক অবস্থানে নেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, দায়িত্বের মেয়াদের মধ্যে ইনশাআল্লাহ্‌ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা এবং পড়াশোনার চারণভূমি হিসেবে দেখতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে একটা সম্মানজনক অবস্থানে নেওয়া যায়, তার জন্য আমি যত ধরনের চেষ্টা, প্রচেষ্টা সম্মানিত সহকর্মীদেরকে নিয়ে, আমাদের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে আমার সর্বশক্তি প্রয়োগ করব ইনশাআল্লাহ্‌।

তিনি আরও বলেন, আমার মেধা ও যোগ্যতার যতটুকু বিষয় আছে, সবগুলোকে কাজে লাগিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে যাতে সম্মানের জায়গায় নিয়ে যেতে পারি, সেই চেষ্টাই আমার থাকবে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে উপাচার্য বলেন, বিগত প্রশাসনগুলো সমস্যা সমাধানে কোনো নজর না দেওয়ায় সমস্যাগুলো পুঞ্জীভূত হয়েছে। আবাসন সংকট, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং পুরোনো আবাসনগুলো জরাজীর্ণ হয়ে পড়াসহ বিভিন্ন সমস্যা রয়েছে।

তিনি বলেন, আমরা সমস্যাগুলোকে সমস্যা হিসেবে না দেখে এগুলোকে কীভাবে সমাধান করা যায়, ছাত্রদের জন্য কীভাবে সুযোগ-সুবিধা বাড়ানো যায়, সেই চেষ্টা করবো। পরিবহন খাতে প্রায় ১৩টি গাড়ি খুব শিগগিরই যুক্ত হবে। এসব গাড়ি শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা ব্যবহার করতে পারবেন।

চবি উপাচার্য বলেন, আমরা আশা করছি, যে খুব শিগগিরই এই ধরনের সমস্যাগুলো আমরা যেমন নোটিশ করেছি, আইডেন্টিফাই করেছি, এগুলো সমাধানেরও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ//একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!