সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়
সনাতন ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির ঘরে এসেছে। তাদের কোনোভাবেই নিরাশ করা হবে না।
শুক্রবার (৯ অক্টোবর) সাভারের পঞ্চবটী আশ্রমে শহীদ মজনু ফাউন্ডেশনের উদ্যোগে ৪৬টি পূজামণ্ডপের পূজারিদের মধ্যে নগদ অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীরা দেশ ছেড়ে চলে গেলে আওয়ামী লীগের লাভ। কারণ, তখন তাদের সম্পত্তি দখলের সুযোগ তৈরি হয়। আর দেশে থাকলে তাদের ভোট পাওয়া যায়। তবে বর্তমান সরকার কাজের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মন জয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবার প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে নগদ ৫ কোটি টাকা সহায়তা দিয়েছেন। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমেও সহায়তা দেওয়া হয়েছে।
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না—এমন ধারণা নিয়ে বসে থাকলে চলবে না। কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, জাকসুর সাবেক ভিপি আশরাফ খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।