জামায়াত মুখে এক কথা, কাজে মুনাফিকি আচরণ: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামী মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও বাস্তবে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
তিনি বলেন, জামায়াত মুখে এক কথা বললেও তাদের কার্যক্রমে মুনাফিকি আচরণ স্পষ্ট। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও জামায়াতের রাজনৈতিক বক্তব্যের ভাষায় কোনো ফারাক নেই।
.png)
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ করেন তিনি।
হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে রাশেদ খাঁন বলেন, শাপলা চত্বরের ঘটনার বিচারে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাৎকালে হেফাজত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। একই সঙ্গে রাষ্ট্র পুনর্গঠনে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাক্ষাৎকালে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।