মূলঃ জন স্টেইনবেক (উপন্যাস- The Grapes of Wrath)। এই উপন্যাসের জন্যে তিনি পুলিত্জার পুরস্কার পেয়েছিলেন।
কোনো কোনো অপরাধ আছে যাকে নিন্দা করার ভাষা নেই। কোনো কোনো দুঃখ আছে যাকে কান্না দিয়ে প্রকাশ করা যায় না। এমন কিছু ব্যর্থতা আছে যা আমাদের সমস্ত সাফল্যকে অতিক্রম করে যায়। উর্বর পৃথিবী, গাছের সোজা সারি, বলিষ্ঠ কাণ্ড, এমনকি পাকা ফল- কোনোকিছুই সেই ব্যর্থতাকে ঢাকতে পারে না।
সুতরাং শিশুরা ক্ষুধার্ত হয়ে মারা যাবেই, নতুবা কমলালেবুর চাষ থেকে লাভ পাওয়া যাবে না। শবপরীক্ষকরা মৃতদের সনদপত্রে লিখবেই - অপুষ্টিতে মারা গেছে- কারণ খাবারগুলোকে অবশ্যই পচতে হবে (যদি না সেগুলো লাভে বিক্রি করা হয়ে থাকে)।
...একারণেই ক্ষুধার্তদের চোখে বাড়ছে গভীর ক্রোধ, তাদের হৃদয় পূর্ণ হচ্ছে রাগের মত্ততা দিয়ে। এবং ক্রমশ তা বাড়ছে ও ভারী হচ্ছে পুরোনো মদের মতো।