ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৫১ পদ শূন্য, পাঠদান ব্যাহত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ১৬ মার্চ ২০২০
৫১ পদ শূন্য, পাঠদান ব্যাহত
রায়পুর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫১টি শিক্ষকের পদ শূন্য থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম।

১২১টি পদের মধ্যে ১৮টি প্রধান শিক্ষক ও ৩৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনেক পদ দীর্ঘদিন শূন্য থাকায় ক্লাসে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে বলে দাবি করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।

উপজেলা প্রাথমিক অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভাসহ উপজেলার ১০টি ইউপিতে ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৮টি প্রধান শিক্ষক ও ৩৩টি সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রমসহ পাঠদান ব্যাহত হচ্ছে।

উপজেলার দক্ষিণ পূর্ব উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন বলেন,  প্রধান শিক্ষকের পদ প্রায় পাঁচ বছর ধরে শূন্য। এ কারণে ক্লাস রুটিনের নির্ধারিত ক্লাস নেয়ার পাশাপাশি ভারপ্রাপ্ত হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। বিদ্যালয়ে প্রায় দুই শ শিক্ষার্থীকে মাত্র তিন জন শিক্ষক দিয়ে কোনো মতে ক্লাসে পাঠদান চালাতে হয়। অনেক সময় দুই শ্রেণি একত্র করে ক্লাস করাতে হচ্ছে। 

উপজেলার দক্ষিণ পূর্ব চরকাছিয়া এস কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান আহমেদ বলেন, এই বিদ্যালয়ে তিন বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। তাই পাঠদানের পাশাপাশি তাকে প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করতে হচ্ছে। 

পাঠদান ছাড়াও দাফতরিক ও শিক্ষা কার্যালয়ের কাজে তাকে প্রায়ই দৌড়ঝাঁপ করতে হয়। এতে কোনো কাজই ভালোভাবে করা যায় না।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের পঞ্চম, চতুর্থ ও তৃতীয় শ্রেণির তিনজন শিক্ষার্থীরা জানায়, ‌‘অনেক দিন ধরে স্কুলে প্রধান শিক্ষক ও কয়েকজন সহকারী শিক্ষক নেই। এজন্য ক্লাস ঠিকমতো হচ্ছে না। লেখাপড়ায় সমস্যা হচ্ছে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম মোসতাক আহমেদ বলেন, যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ৫১টি পদ শূন্য রয়েছে, সেসবের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!