১৯ পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক
আইন অনুযায়ী ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুড়া, পোল্ট্রিফিড ও ফিসফিড এই ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের প্রয়োগ ও বাস্তবায়ন’ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে এ তথ্য জানানো হয়।
খুলনা জেলা প্রশাসন ও পাট অধিদফতরের যৌথ আয়োজনে সভাপতিত্ব করেন এডিসি (সার্বিক) জিয়াউর রহমান।
তিনি বলেন, পরিবেশবান্ধব পাটপণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিতের মাধ্যমে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। ভোক্তার চাহিদা যাচাই করে যুগোপযোগী ও আধুনিক পাটপণ্য উৎপাদন করা প্রয়োজন। একই সঙ্গে কৃষক যাতে উৎপাদিত পাটের ন্যায্যমূল্য পান সেদিকে নজর দিতে হবে।
সভায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে নিয়মিত অভিযানের পাশাপাশি পলিথিন উৎপাদন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান অংশগ্রহণকারীরা।
সভায় সহকারী কমিশনার মো. জাকির হোসেন, শারমিন জাহান লুনা, খুলনা পাট অধিদফতরের সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম, মুখ্য পরিদর্শক রাধেশ্যাম নাথ, সরজিত সরকার, বিজেএমসির প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।