শাহজাদপুরে ১১৬ বস্তা সরকারি চাল উদ্ধার, ডিলার বরখাস্ত
সিরাজগঞ্জের শাহজাদপুরে ডিলারের গুদাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার সকালে ওই উপজেলার কৈজুরি ইউপিতে এ ঘটনা ঘটে। বরখাস্ত হওয়া ডিলার আলাউদ্দিন ওই এলাকার বাসিন্দা।
জানা গেছে, চাল উদ্ধারের ঘটনায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার করা চাল কমিটির জিম্মায় রাখা হয়েছে।
স্থানীয়রা জানায়, করোনাভাইরাস মোকাবিলায় ঘরবন্দী অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দ দেয়া ৩৫৭ কেজি চাল কালোবাজারে বেশি দামে বিক্রির জন্য গোপালপুরের আয়াত উল্লাহর বাড়িতে লুকিয়ে রাখেন ডিলার আলাউদ্দিন। বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানালে ইউএনও শাহ মো. শামসুজ্জোহা ওই বাড়িতে অভিযান চালিয়ে চালসহ আলাউদ্দিনকে আটক করেন। বর্তমানে ডিলার আলাউদ্দিন চাল আত্মসাৎ মামলায় জেলে আছেন।
শাহজাদপুরের ইউএনও শাহ মো. শামসুজ্জোহা বলেন, উদ্ধার করা ১১৬ বস্তা চাল কৈজুরি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বাধীন কমিটির জিম্মায় রাখা হয়েছে। নতুন ডিলার নিয়োগ হওয়ার পর এসব চাল কার্ডধারীদের কাছে বিক্রির ব্যবস্থা করা হবে।