শরীরে কেরোসিন ঢেলে গৃহবধূর আত্মহত্যা
বগুড়ার ধুনটে নিজের শরীরে আগুন দিয়ে ববি খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ববি খাতুন উপজেলার ভান্ডারবাড়ি ইউপির ভুতবাড়ি গ্রামের কাঠমিস্ত্রী বেলাল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র বলছে, বেলাল হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি। চাঁপাইনবাবগঞ্জ এলাকায় কাঠের আসবাবপত্র তৈরির সময় ববির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর সূত্র ধরে প্রায় আট বছর আগে ববি খাতুনকে বিয়ে করেন বেলাল হোসেন। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তানের জন্ম হয়।
.png)
শুক্রবার দুপুরে ববি খাতুন নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
বেলাল হোসেন বলেন, আমরা ভালোভাবে সংসার করছিলাম। হঠাৎ শুক্রবার দুপুরে আমার স্ত্রী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তার আত্মহত্যার কারণ বুঝতে পারছি না।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় পরিবারের কোনো অভিযোগ নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/আরএম