রাখাইনে বন্দি নির্যাতনের ভিডিও প্রকাশ, অপরাধ স্বীকার করল মিয়ানমার
মিয়ানমারের রাখাইন রাজ্যে ৫ জন বন্দিকে নির্মমভাবে মারধর করার কথা স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে বন্দি নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরেই এ স্বীকারোক্তি দিল দেশটি।
বুধবার মিয়ানমারের সেনাবাহিনীর ওয়েবসাইটে বলা হয়, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ওই ৫ জনকে আটক করা হয়। এরপর গত ২১ এপ্রিল তাদের রাখাইন রাজ্যে পাঠানো হয়। সেখানেই তাদেরকে মারধর করে নিরাপত্তা কর্মীরা।
সাধারণত প্রমাণ থাকার পরেও অপরাধের কথা স্বীকার করে না মিয়ানমারের সেনাবাহিনী। তবে এবার সেটির ব্যতিক্রম ঘটলো।
সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বন্দিদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের সঙ্গে আইন অনুযায়ী আচরণ করা হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে তারা।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, চোখ বাঁধা ও হাতকড়া পরানো ব্যক্তিদের মাথায় নির্মমভাবে আঘাত করছে নিরাপত্তা কর্মীরা। একজন তাদের মাথায় ঘুষি দিচ্ছে ও অন্য আরেক জন লাথি মারছে।
আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানায়, আরাকান আর্মির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের অন্যায়ভাবে তাদের আটক করা হয়েছে বলেও জানায় তারা।
সূত্র- আল জাজিরা