রমেকে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু সোমবার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) আগামী সোমবার থেকে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান, পিসিআর মেশিনটি বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নতুন এ মেশিনটি রংপুরের জন্য বরাদ্দ দিয়েছে। শুক্রবার সকাল থেকে রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবাইলোজি বিভাগে মেশিনটি স্থাপনের জন্য প্রকৌশলীদের কাজ শুরু হয়েছে। রোববারের মধ্যে কাজ শেষ করা হবে বলে তিনি জানান।
.png)
তিনি জানান, করোনাভাইরাস পরীক্ষার টেস্ট কিট আপাতত ২০০ দেয়া হয়েছে। রংপুর বিভাগের সন্দেহভাজন করোনা আক্রান্ত রোগীদের এ মেশিনে পরীক্ষা করা হবে।
তিনি আরো জানান, পিসিআর মেশিনের মাধ্যমে করোনা আক্রান্ত সন্দেহে হলে রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে। এজন্য মেডিকেলে একটি টিম গঠন করা হয়েছে।
ঢাকা ও ঢাকার বাইরের সব বিভাগীয় হাসপাতালে করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষার ব্যবস্থা করার জন্য পিসিআর মেশিন সরবরাহের কথা জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সরকারের জরুরি পদক্ষেপ হিসেবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্ত করার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহামেদ খান জানান, রংপুর জেলায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হননি। বর্তমানে হোম কোয়ারেন্টাইন থাকা ব্যক্তির সংখ্যা ১৬৩ জন।