ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টুইট নিয়ে ক্লাবের সঙ্গে দুরত্ব ওজিলের?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ১৫ ডিসেম্বর ২০১৯
টুইট নিয়ে ক্লাবের সঙ্গে দুরত্ব ওজিলের?
ফাইল ফটো

চীনে উইঘুর মুসলিমদের সংখ্যা এক কোটিরও বেশি। দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে চীনা কর্তৃপক্ষ। অমানবিক নির্যাতনের পরেও মুসলিম উম্মাহর নীরবতায় হতাশ তুর্কি বংশোদ্ভূত সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল। এবার নিজের টুইটার অ্যাকাউন্টে সেই হতাশা ও ক্ষোভের কথা প্রকাশ করেছেন তিনি। তবে এর সঙ্গে ক্লাবের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে আর্সেনাল কর্তৃপক্ষ।

টুইটার পোস্টে পূর্ব তুর্কিস্তানকে মুসলিম উম্মাহর ‘রক্তের মিনার’ আখ্যা দিয়েছেন আর্সেনাল তারকা। শুধু এখানেই থামেননি ওজিল, পাশাপাশি উইঘুর মুসলিমদের ধর্ম পালন করতে না দেয়ায় চীনের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন তিনি।

পশ্চিমা গণমাধ্যমসমূহ উইঘুর মুসলিমদের ওপর চীনের অমানবিক নির্যাতনের চিত্র এর আগেও তুলে ধরেছে। তবে এরপরও ইসলামি বিশ্ব এ ব্যাপারে নিশ্চুপ, প্রতিবাদহীন। মুসলিম বিশ্বের এই নীরবতা তাকে অবাক করছে বলে জানান জার্মানি দলের সাবেক এ ফুটবলার।

Advertisement

তবে তার ক্লাব আর্সেনাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওজিলের সেই টুইটের সঙ্গে আর্সেনাল ক্লাবের কোনো সংশ্লিষ্টতা নেই। মেসুত ওজিলের করা টুইট সম্পর্কে দেয়া এক বিবৃতিতে ক্লাব থেকে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় মেসুত ওজিলের করা মন্তব্য তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন করে। এর সঙ্গে ক্লাবের মতাদর্শের কোনো সম্পর্ক নেই। আর্সেনাল সবসময়ই একটি অরাজনৈতিক সংগঠন।

টুইটে ওজিল লিখেছেন, ‘পূর্ব তুর্কিস্তানে কোরআন আগুনে জ্বালানো হচ্ছে, মসজিদে তালা দেয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেয়া হচ্ছে, একে একে হত্যা করা হচ্ছে ওলামায়ে কেরামকে এবং যুবকদের বন্দি করে দাসত্বের জীবনের সম্মুখীন করা হচ্ছে। ’

ওজিলের টুইটউইঘুর মুসলিমদের ওপর চীনাদের নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি লেখেন, ‘মুসলিম ঘর থেকে পুরুষদের সেনাছাউনিতে বন্দি করে রেখে প্রতিটি পরিবারের অন্তত একটি মেয়েকে জোরজবরদস্তি করে বিয়ে দেয়া হচ্ছে একজন কমিউনিস্ট পুরুষের সঙ্গে। প্রতিটি পরিবারেই একজন কমিউনিস্ট এই মিশন বাস্তবায়ন করছে চীন সরকার। হে মহান প্রতিপালক! পূর্ব তুর্কিস্তানে আমাদের উইঘুর ভাইদের সঙ্গে থাক। আল্লাহ চক্রান্তকারীদের জন্য উত্তম প্রতিশোধ গ্রহণকারী।’

ওজিলের টুইট ও ক্লাবের এমন বিবৃতি থেকে অনেকেই ভাবছেন ক্লাবের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছে এই মিডফিল্ডারের। তবে নিজেদের সম্পর্ক নিয়ে বাইরে কোনো মন্তব্য করেননি ওজিল বা ক্লাব সংশ্লিষ্ট কেউ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!