ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুলগাজীতে অপহৃত স্কুলছাত্রী একমাস পর উদ্ধার 

ফেনী প্রতিনিধি 
প্রকাশিত: ২৩:০৯, ২৬ নভেম্বর ২০১৯
ফুলগাজীতে অপহৃত স্কুলছাত্রী একমাস পর উদ্ধার 
ছবি : ডেইলি বাংলাদেশ

ফেনীর ফুলগাজী থেকে অপহৃত স্কুলছাত্রীকে একমাস পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন ওরফে বাদশা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বাদশা ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউপির মালিপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানিয়া ইসলামের আদালতে ওই ছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং আদালতের মাধ্যমে বাদশাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

গত ২৭ অক্টোবর বিকেলে স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীকে বাড়ির পাশ থেকে দুর্বৃত্তরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফুলগাজী থানায় প্রথমে জিডি ও পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কয়েকদিন আগে এক যুবক ওই ছাত্রীর মায়ের মুঠোফোনে কল দিয়ে ওই ছাত্রী তার হেফাজতে রয়েছে বলে দাবি করেন। ফোনের বিষয়টি ছাত্রীর মা পুলিশকে অবহিত করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই যুবকের অবস্থান নির্ণয় করেন এবং গত সোমবার রাতে অভিযান চালিয়ে ফেনীর সদর উপজেলার শর্শদি ইউপির ফতেহপুর এলাকা থেকে আরমান হোসেনকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে পুলিশ ওই ছাত্রীকে গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে। 

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন অপহরণের এক মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার ও এক যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীর ২২ ধারায় জবানবন্দি গ্রহণ ও আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!