ফুটবল মৌসুমকে বাঁচানোর চেষ্টায় উয়েফা
প্রাণঘাতি করোনাভাইরাসে কারনে থমকে গেেেছ বিশ্ব ক্রীড়াঙ্গন। ওলট-পালট হয়ে গেছে সকল আসরের সূচি। তবে উয়েফা প্রধান মনে করছেন, ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর চলমান মৌসুম এখনো বাচাঁনো সম্ভব। মৌসুমের পথচলায় ছেদ পড়লেও এখনো বিকল্প পথ রয়েছে।
ইতালির লা রিপাবলিক ডেইলিকে উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিন বলেন, ‘আমরা আগামী মে মাসের মাঝামাঝি, জুনের প্রথম কিংবা জুনের শেষ দিকে শুরু করতে পারি। কিংবা তারপরও যেকোন সময়, নয়তো মৌসুমটি হারিয়ে যাবে।’
পুরো মৌসুম বাতিল হয়ে গেলে লিভারপুল ক্লাবের ভক্তদের মধ্যে দারুণ হতাশা ভর করবে। কারণ ৩০ বছরের মধ্যে প্রথমবারের মত শিরোপা জয়ের সুযোগ রয়েছে তাদের।
উয়েফা কখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে সে বিষয়ে কিছু বলেননি সেফেরিন। তবে শীর্ষ লিগ ও ক্লাবগুলোর সঙ্গে এখনো আলোচনা চলছে জানান তিনি।
তিনি বলেন, ‘আগামী মৌসুমের শুরুতে চলমান মৌসুমটি শেষ করার প্রস্তাব রয়েছে। পরেরটি একটু পরের দিকে শুরু বলা হয়েছে।’
স্লোভেনিয়ার সেফেরিন আরো বলেন, তিনি ব্যক্তিগভাবে বড় ম্যাচগুলো দর্শকশুন্য মাঠে আয়োজনের বিপক্ষে।