নিজের বাঙ্কারে ফিরে যান: ট্রাম্পকে সিয়াটলের মেয়র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সিয়াটল নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্থানীয় মেয়র জেনি ডুরকান। প্রেসিডেন্ট ট্রাম্প সিয়াটলের পুলিশমুক্ত এলাকা থেকে বিক্ষোভকারীদের হটানোর হুমকি দেয়ার পর টুইটারে এ আহ্বান জানান তিনি।
সংবাদ সংস্থা এএফপি’র প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের পশ্চিমের শহর সিয়াটলে জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বর্ণবাদবিরোধী বিক্ষোভ এখনো চলছে। বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বৃহস্পতিবার ট্রাম্প একের পর এক টুইট করেন। এছাড়া সেখানে স্থানীয়রা ব্যবস্থা না নিলে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়ার হুমকি দিয়েছেন তিনি।
তবে সিয়াটলে পুলিশমুক্ত স্বায়ত্তশাসিত অঞ্চল ‘ক্যাপিটাল হিল’ থেকে বিক্ষোভকারীদের সরাতে ট্রাম্পের হস্তক্ষেপের হুমকি ভালোভাবে নেননি মেয়র জেনি ডারকান। শহরের পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে সেখানে। সিয়াটলের সঙ্গে ওয়াশিংটনের মেয়রকেও একই হুমকি দেন ট্রাম্প।
ট্রাম্পের এসব টুইটের প্রতিক্রিয়ায় পাল্টা টুইট করেছেন সিয়াটলের মেয়র জেনি ডুরকান। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন,, আমাদের সবাইকে নিরাপদে থাকতে দিন। নিজের বাঙ্কারে ফিরে যান আপনি।
ওয়াশিংটনের মেয়র জে ইনসলিও মুখ বুজে থাকেননি। তিনি লিখেছেন, যে ব্যক্তি নিজের প্রশাসন চালাতে অক্ষম, ওয়াশিংটন নিয়ে তার মাথা ঘামানো উচিত নয়।
গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের নির্যাতনে মারা যান কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েড। মাটিতে উপুড় করে রেখে হাতকড়া পরানো অবস্থায় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে তার গলা চেপে ধরে রাখেন ৯ মিনিট। শ্বাসরোধে হত্যা করা হয় তাকে।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, ওই হত্যাকাণ্ডের জের ধরে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হলে সিক্রেট সার্ভিস এজেন্টদের সহায়তায় বাঙ্কারে লুকান ট্রাম্প।