দুর্গাসাগর দীঘিতে বাজি ধরে সাঁতার, অতঃপর...
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় দুর্গাসাগর দীঘিতে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে এক যুবকের করুণ পরিণতি হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন ওমর ফারুক হৃদয় (২৫)। নিখোঁজের আট ঘণ্টা পর রাত পৌনে নয়টার দিকে দীঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওমর বরিশাল নগরের কাউনিয়া হাউজিং এলাকার শাহ আলম এর ছেলে। আহসানউল্লাহ ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি পাস করেন। আগামী সপ্তাহে ময়মনসিংহের একটি টেক্সটাইল কোম্পানিতে যোগদান করার কথা ছিল তার।
.png)
জানা গেছে, ওমর তার বন্ধু তায়মন হৃদয় ও বান্ধবী রাকিন আক্তারকে নিয়ে বুধবার সকালে দুর্গাসাগর দীঘিপাড়ে ঘুরতে যান। এ সময়, মজা করে পাড় থেকে দীঘিটির মধ্যে থাকা টিলার দ্বীপে সাঁতরে যাওয়ার বাজি ধরেন ওমর ও হৃদয়। তবে টিলার কাছে যাওয়ার আগেই তিনি নিখোঁজ হন।
এরপর তার দুই বন্ধু ও স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুর থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি এস এম জাহিদ বিন আলম জানান, আট ঘণ্টা তল্লাশি চালিয়ে রাত পৌনে নয়টার দিকে ওমরের মরদেহ উদ্ধার করা হয়েছে।