মাছের ঝোল আর ভুনার স্বাদ বদলাতে রান্না করতে পারেন রুইয়ের দই দম। খুব সহজে আর ঘরে থাকা উপকরণেই এটি রান্না করতে পারবেন। এতে স্বাদ বদলানোর পাশাপাশি প্রিয়জনদের প্রশংসাও পাবেন। তাহলে জেনে নিন রেসিপিটি-
উপকরণ: রুই মাছ ৭ থেকে ৮ টুকরা, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা কুচি ১ চা চামচ, কাঁচা মরিচ ৪টি, কাজুবাদাম ১/৩ কাপ, তেজপাতা ২টি, শুকনো মরিচ ২টি, টকদই আধা কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, চিনি আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল ৩ টেবিল চামচ।
প্রণালী: প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পানি মুছে নিন। এবার লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে মেরিনেট করে রাখুন ১৫-২০ মিনিট। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। আরেকটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে ভাজুন। পেঁয়াজ নরম হয়ে রং বদলাতে শুরু করলে নামিয়ে নিন। এবার এই ভাজা পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা কুচি ও কাজুবাদাম একসঙ্গে ব্লেন্ড করে নিন। প্রয়োজনে কিছুটা পানি দিতে পারেন ব্লেন্ড করার সময়।
.png)
এবার মাছ ভাজা তেলই আবার গরম করে তাতে শুকনো মরিচ ও তেজপাতা ফোড়ন দিন। বানিয়ে রাখা পেস্টটা ঢেলে দিন। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর চিনি দিয়ে মিশিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিন। কম আঁচে আরো কিছুক্ষণ কষিয়ে নিন। পানি দিয়ে ঢেকে রান্না করুন। পানি কিছুটা শুকিয়ে এলে মাছ দিয়ে মিশিয়ে নিন। আঁচ কমিয়ে দমে রান্না করুন আরো দুই থেকে তিন মিনিট। গ্রেভি গাঢ় হলে তাতে গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিন। চাইলে এতে আধা চামচ ঘিও দিতে পারেন। ওপরে ধনে পাতা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দিতে পারেন। এবার গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মজাদার রুইয়ের দই দম।