দুই অটো চালকের দ্বন্দ্বে প্রাণ গেল কাঠমিস্ত্রির
চাঁদপুরে দুই অটো চালকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে রহমান গাজী নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহত রহমান গাজীর ছোট ভাই জাহাঙ্গীর গাজী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গত মঙ্গলবার চাঁদপুর শহরের পুরানবাজার দোকান ঘর এলাকায় দুই অটোচালক আলমগীর ও তাফুর মধ্যে যাত্রী উঠানোকে নিয়ে মারামারির ঘটনা ঘটে।
সে সময় কাঠমিস্ত্রি রহমান গাজী তাদেরকে ছাড়াতে গেলে অটোচালক তাফুর সঙ্গে থাকা ১৫/১৬ জন সহযোগী অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় কাঠমিস্ত্রি রহমান গাজীকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
ঘটনার পর জড়িত চারজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মারামারি মামলা দায়ের করলে আটকদের আদালতে প্রেরণ করে।
পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর জাহাঙ্গীর আলম জানান, মারামারির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর আটক চারজনকে আদালতে প্রেরণ করা হয়। তারা বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। কাঠমিস্ত্রি রহমান গাজীর মৃত্যু হওয়ায় পুনরায় হত্যা মামলা দায়ের করা হবে।
মামলার বাদী জাহাঙ্গীর গাজি জানায়, দোকানের সামনে অটোচালকের মারামারির ঘটনায় ছাড়াতে গেলে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহত রহমান গাজীর লাশ ময়নাতদন্ত শেষে ঢাকা থেকে চাঁদপুরে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।