ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তর্ক করায় এক চালককে পিষে মারলেন আরেক চালক

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:২২, ৯ মার্চ ২০২০
তর্ক করায় এক চালককে পিষে মারলেন আরেক চালক
প্রতীকী ছবি

সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে তর্ক করায় এক চালককে পিষে হত্যা করেছেন অপর আরেক চালক।

সোমবার সকালে নগরের মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক মৌলদ হোসেন নগরের সুবিদবাজার নুরানী আবাসিক এলাকার আব্দুল আজিজের ছেলে।

এদিকে এ ঘটনায় পুলিশ অপর অটোরিকশা চালক আবু তাহেরকে আটক করেছে। সে বিশ্বনাথ উপজেলার কাজিরবাজার এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, সোমবার সকালে মদিনা মার্কেট সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের সামনে যাত্রী তোলা নিয়ে চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অটোরিকশা চালক মৌলদের উপর গাড়ি তুলে দেন আবু তাহের। এতে সে মাথা ও শরীরে বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী অটোরিকশা চালক আবু তাহেরকে আটক করেছে। এছাড়া নিহত চালকের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!