চ্যাম্পিয়ন্স লিগ থেকে লিভারপুলের বিদায়
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে বিদায় করে শেষ আটে উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। বুধবার অ্যানফিল্ডে ফিরতি লেগের রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে জিতেছে অ্যাতলেটিকো। প্রথম লেগে ১-০ গোলে জেতা স্প্যানিশ দলটি ৪-২ গোলের অগ্রগামিতায় উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।
ম্যাচের ৪৩তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। অক্সালেইড-চেম্বারলেইনের ক্রসে অরক্ষিত জর্জিনিয়ো ভেইনালডামের হেড জড়ায় জালে। এগিয়ে যায় লিভারপুল।
৬০তম মিনিটে লিভারপুলের ত্রাতা আদ্রিয়ান। জোয়াও ফেলিক্সের শট ঝাঁপিয়ে এক হাতে ঠেকান। ফিরতি বলে আনহেল কোররেয়ার শটও ব্যর্থ করে দেন তিনি।
প্রতি আক্রমণ থেকে ৬৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ একটুর জন্য হাতছাড়া হয়ে যায় লিভারপুলের। ছয় গজ দূর থেকে অ্যান্ড্রু রবার্টসনের হেড ফিরে ক্রসবারে লেগে।
তিনি মিনিট পর আবার দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে অক্সলেইড-চেম্বারলেইনের দূরপাল্লার শট ব্যর্থ করে দেন ওবলাক।
সুযোগ আসে পরেও। ডি বক্স থেকে মানের দুটি বাইসাইকেল কিক থাকেনি লক্ষ্যে। যোগ করা সময়ে ফ্রি কিক থেকে হেডে বল জালে পাঠিয়েছিলেন সাউল নিগেস। তিনি অফসাইডে থাকায় গোল হয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৪তম মিনিটে ব্যবধান বাড়ান ফিরমিনো। ভেইনালডামের ক্রসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হেড পোস্টে লেগে ফিরে। ফিরতি বলে খুব কাছ থেকে জাল খুঁজে নেন তিনি। তিন মিনিট পরেই ব্যবধান কমায় অ্যাতলেটিকো। বিপদমুক্ত করতে গিয়ে বিপদ ডেকে আনেন লিভারপুল কিপার। তার শট থেকে বল ফেলিক্স খুঁজে নেন মার্কোস লরেন্তেকে। কিছুটা এগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এই বদলি খেলোয়াড়।
ম্যাচে যদিও তখনো পিছিয়ে সফরকারীরা। প্রতিপক্ষের মাঠে গোল করায় কার্যত তখন এগিয়ে অ্যাতলেটিকো।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময় আবার জালে বল পাঠিয়ে লিভারপুলের কাজটা অনেক কঠিন করে তোলেন লরেন্তে।
আলভারো মোরাতার কাছ থেকে যখন এই মিডফিল্ডার বল পান তখন আশেপাশে কেউ নেই। তিন খেলোয়াড় ছুটে আসেন তাকে ঠেকাতে। তাদের এড়িয়ে বার ঘেঁষে খুঁজে নেন ঠিকানা। ম্যাচে আসে ২-২ সমতা।
ম্যাচের শেষ সময়ে প্রতি আক্রমণ থেকে বল পেয়ে কিছুটা এগিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন মোরাতা। তিন বছরের মধ্যে অ্যানফিল্ডে প্রথম হারের তেতো স্বাদ পায় লিভারপুল।
দিনের অন্য খেলায় বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে পিএসজি। প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।