[ দেশজুড়ে ]
কুকুর থেকে বাঁচা ময়ূর দেখতে মানুষের ভিড়
ছবি: সংগৃহীত
কুকুরের তাড়া খেয়ে পুকুরে পড়া একটি বিরল প্রজাতির ময়ূরকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে ময়ূরটি বন বিভাগের কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদরের চাকলাহাটের হাজি খামির উদ্দিন প্রধান আলিম মাদরাসার পুকুর থেকে ময়ূরটি উদ্ধার করা হয়। এ খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ ময়ূর দেখতে ভিড় করেন।
স্থানীয় আব্দুল মান্নান জানান, একটি পাখিকে কুকুর তাড়া করার দৃশ্য দেখে এগিয়ে আশ্চর্য হন স্থানীয়রা। কারণ পাখিটি ছিল একটি বিরল প্রজাতির ময়ূর। ময়ূরটি নিজের প্রাণ বাঁচাতে স্থানীয় মাদরাসার পুকুরে পড়ে। পরে সেখান থেকে ময়ূরটিকে উদ্ধার করে বাচ্চু মিয়ার বাড়িতে রাখা হয়। এ খবর পেয়ে বাচ্চুর বাড়ি লোকে লোকারণ্য হয়ে পড়ে।
পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ময়ূর উদ্ধারের খবর পেয়ে আমরা বাচ্চু মিয়ার বাড়িতে ছুটে আসি। বাচ্চু আমাদের কাছে ময়ূরটি হস্তান্তর করেছেন। বিরল প্রজাতির পাখিটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে সংরক্ষণের জন্য পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!