কাঁচামাল নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় গেল প্রথম পার্সেল ট্রেন
পণ্য পরিবহনে পার্সেল ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে শাক-সবজি ও কাঁচামালসহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহন শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় প্রথম ট্রেনটি চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকেল ৪টায় গন্তব্যে পৌঁছে।
প্রথম দিনে পার্সেল ট্রেনে যুক্ত করা হয় পাঁচটি মালবাহী বগি। এসব বগিতে করে শাক-সবজি ছাড়াও বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে সীতাকুণ্ড ও ফেনী স্টেশনে যাত্রা বিরতি করে এবং সেখান থেকেও কৃষিপণ্য তুলে ঢাকায় নিয়ে যায়।
দেশের বিভিন্ন এলাকায় উৎপাদিত শাক-সবজিসহ কৃষিপণ্য দ্রুত বাজারজাত করতে পার্সেল ট্রেন চালু করা হয়েছে। এতে অনেক কৃষক শুধু তাদের উৎপাদিত পণ্যের নায্যমূল্যই পাবেন না, ক্ষতির হাত থেকেও রক্ষা পাবেন। এতে আবার ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় কৃষিপণ্যের যোগান ও মূল্য স্বাভাবিক থাকবে।
ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-দেওয়ানগঞ্জ (জামালপুর) রুটে সপ্তাহের সাতদিনই এ পার্সেল এক্সপ্রেস ট্রেন চলবে। এছাড়া যশোর-ঢাকা রুটেও পার্সেল ট্রেন চলবে সপ্তাহে তিনদিন। প্রতিদিন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৪টায়। আবার ঢাকা থেকে রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে এ পার্সেল ট্রেন।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, শুক্রবার চট্টগ্রাম থেকে প্রথম পার্সেল ট্রেনটি পণ্য নিয়ে ঢাকায় গেছে। ট্রেনটিতে কৃষিপণ্য ও কাঁচামাল ছাড়াও ফার্নিচার, জুতাসহ বিভিন্ন মালামাল ছিল। ট্রেনটি রাত ১০টায় পুণরায় পণ্য নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরবে।'
তিনি আরো জানান, প্রথম দিন মালবাহী পাঁচটি বগিতে করে পণ্য পরিবহন করা হয়। চাহিদা অনুযায়ী বগির সংখ্যা আরো বাড়ানো হবে।