কলেজছাত্রী হত্যায় প্রেমিক সুব্রত মন্ডল গ্রেফতার
সাতক্ষীরার শ্যামনগরে কলেজছাত্রী মরিয়ম খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রেমিক সুব্রত মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে সাতক্ষীরার এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার রাতে ভুরুলিয়া ইউপির কাচড়াহাটি গ্রামের নিজবাড়ি থেকে ধর্ষক সুব্রত মন্ডলকে গ্রেফতার করা হয়। একই গ্রামের পরিমল মন্ডলের ছেলে সুব্রত।
.png)
নিহত মরিয়ম খাতুন ভুরুলিয়া ইউপির বল্লভপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে ও শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার সকালে ভুরুলিয়া ইউপির বল্লভপুর গ্রামের একটি বিলের মধ্যে থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর তিনদিন আগে কাউকে না জানিয়ে এশার নামাজের পর বাড়ি থেকে বের হন মরিয়ম খাতুন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শ্যামনগর থানায় তার বাবা একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরো জানান, মরিয়মের সঙ্গে সুব্রতের গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। মাঝে মাঝে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কও হত। গত দুই মাস ধরে মরিয়ম তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। বিয়ে না করলে সুব্রতের বাড়িতে উঠবে বলে জানায় মরিয়ম। আর এতেই মরিয়মকে হত্যার পরিকল্পনা করে সুব্রত।
এরই জেরে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় মোবাইলে মরিয়মকে ডেকে বিলের মধ্যে নিয়ে যায় সুব্রত। এরপর সেখানে ফেলে তাকে জোরপূর্বক ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী শ্যামনগর থানায় একটি মামলা করেন।
এ প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত এসপি (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম ও শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা প্রমুখ।