ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নিঃস্বার্থভাবে ভালোবাসার আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ২৫ ডিসেম্বর ২০১৯
নিঃস্বার্থভাবে ভালোবাসার আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস
ছবি: সংগৃহীত

খ্রিষ্টীয় ধর্মালম্বীদের বড়দিনের আগমন উপলক্ষে তাদের শুভেচ্ছা জানিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

মঙ্গলবার রাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকা গির্জায় সমবেত হাজারো মানুষের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ শুভেচ্ছা জানান তিনি। এ সময়ে তিনি তাদের নিঃস্বার্থভাবে সকলকে ভালোবাসারও আহ্বান জানান। খবর - বিবিসি

ঈশ্বরের স্বর্গীয় ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন। আমাদের মধ্যে যে সবচেয়ে খারাপ ব্যক্তি ঈশ্বর তাকেও নিজের ভালোবাসা থেকে বঞ্চিত করেন না।’

তিনি আরো বলেন, একজন মানুষ যতই গরীব অথবা পাপী হোক তার প্রতি ঈশ্বরের ভালোবাসার কোনো কমতি হয় না। মানুষ ভুল করে, তাদের চিন্তাভাবনা অনেক সময় ভুল হয়। তবুও ঈশ্বর তাদের ভালোবেসেই যান। সেসময়ে গির্জায় অবস্থানকালে ভুল কোনো কাজের মধ্য দিয়ে ঈশ্বরের স্বর্গীয় ভালোবাসার ছায়া থেকে কাউকে দূরে না সরার আহ্বান জানিয়েছেন তিনি।

এই কথার মধ্য দিয়ে পোপ গির্জায় শিশু যৌন নিপীড়ন ও কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হয়। নির্দিষ্টভাবে এই বিষয়ে কিছু না বললেও গির্জার যৌন নিপীড়নের ঘটনা ও আর্থিক অনিয়মের সাম্প্রতিক সমস্যাগুলো সম্পর্কে ভাষণে উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, ‘আসুন আমরা ঈশ্বরের কথা মাথায় রেখে তার ধ্যান করি । তার ঐশ্বরিক ভালোবাসার ছায়াতলে নিজেদের সমর্পণ করি।’

বড়দিনের বার্তা দিতে বুধবার আবারো সেন্ট পিটার্স বালসিকায় উপস্থিত হবেন পোপ। তার এই বার্ষিক ভাষণ ‘উরবি এট অরবি’ (শহর ও বিশ্বের প্রতি) শুনতে হাজারো মানুষ বাসিলিকা গির্জায় যাবেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!