অধ্যক্ষের সঙ্গে দুই শিক্ষকের হাতাহাতি, আহত ১
সিলেটের জৈন্তাপুরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এক শিক্ষক আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাক্তা খরিল নেজামুল উলুম আলিম মাদরাসার শিক্ষকদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।
আহত শিক্ষক ফারুক হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহত শিক্ষক ফারুক হোসাইন বলেন, প্রণোদনার শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কাগজপত্র যাচাই করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান মাদরাসার আরবি প্রভাষক বাবুল হোসাইনের ওপর হামলা করেন। এ সময় আমিসহ অন্যান্য শিক্ষকরা এগিয়ে আসলে আমার ওপর চেয়ার দিয়ে আঘাত করেন।
অধ্যক্ষ মুজিবুর রহমান জানান, মাদরাসার শিক্ষকদের বিভিন্ন তথ্য সব সময় বিভিন্ন দফতরে প্রেরণ করতে হয়। এজন্য সব শিক্ষকদের তথ্য হালনাগাদের জন্যে ফরম পূরণ করতে বলা হয়। এসময় মাদরাসার প্রভাষক বাবুল হোসেনের চাকরির অভিজ্ঞতার তথ্যে মধ্যে গড়মিল দেখা দেয়। এ নিয়ে বাবুলের সঙ্গে কথা কাটি হলেও সে আমাকে হুমকি দিয়ে টেবিলে চাপড়ে কথা বলে। এক পর্যায়ে তার শ্যালক ওই প্রতিষ্ঠানের শিক্ষক হোসেন এসে আমাকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে তার শরীরে আঘাত লাগে। পরে মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এসে এ ঘটনার মীমাংসা করে দেন।
তিনি বলেন, তারা শ্যালক ও দুলাভাই বিভিন্ন দাবি নিয়ে প্রায় সময় আমাকে ফোর্স করে। আমি স্থানীয় না হওয়ায় বাধ্য হয়ে তাদের কথা রাখতে হয়। প্রতিষ্ঠানে এসে স্বাক্ষর দিয়ে চলে যায়। কথা বললে আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন বলেন, আমি এ ঘটনা শুনেছি। আমার কাছে এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। করলে বিষয়টি খতিয়ে দেখব।