৫০ লাখ টাকা চেয়ে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ, মরদেহ কচুরির নিচে
যশোরে ৫০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে এইচএসসি পরীক্ষার্থী নুরুজ্জামান বাবুকে অপহরণের পর হত্যা করেছে অপহরণকারীরা।
বৃহস্পতিবার সকালে অভয়নগরের পুড়াখালি বাওড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হত্যার শিকার নুরুজ্জামান বাবু অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের ইমরান গাজীর ছেলে ও ধোপাদী এসএস কলেজের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, গত ১ জুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নুরুজ্জামান বাবু। এরপর তার বাবা ইমরান গাজীর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় পর দিন ইমরান গাজী অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ তদন্ত করে ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে পুলিশ সন্দেহভাজন দুই অপরাধীকে আটক করে। তারা হলো, অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের রিফাত আহমেদ আউশ ও ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দুইজন নুরুজ্জামান বাবুকে অপহরণের কথা স্বীকার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার সকালে পুড়াখালি বাওড়ের কচুরিপানার নিচ থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ওসি আরো জানান, কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছিল। পরে তাকে হত্যা করা হয়। আটক দু’জনের স্বীকারোক্তি অনুযায়ী বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে।