ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী গরু দৌড়

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ৩১ জানুয়ারি ২০২০
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী গরু দৌড়
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে বৃহস্পতিবার বিকেলে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে হয়েছে।

প্রতিযোগিতার আয়োজন করে নবগ্রাম দ্বিগবিজয়ী ক্লাব।

জেলার আশেপাশের এলাকা থেকে নানা আকারের, নানা রঙের শতাধিক গরু নিয়ে আসেন প্রতিযোগিরা। এটা দেখতে ভিড় করে হাজারো নারী পুরুষ। প্রতিযোগিতা উপলক্ষে সেখানে বসে দিনব্যাপী গ্রামীণ মেলা। এ যেন সববয়সী নারী-পুরুষের মিলনমেলা।

নবগ্রাম দ্বিগবিজয়ী ক্লাবের সভাপতি গাজী হাসান আল মেহেদী সুহাস বলেন, ১০০ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে গ্রামবাসী। ১৯৬০ সালে দ্বিগবিজয়ী ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটির উদ্যোগেই হচ্ছে এই গরু দৌড় প্রতিযোগিতা। শতবছরের এই গরু দৌড় প্রতিযোগিতা অব্যাহত রাখতে সচেষ্ট আয়োজক সংগঠনের সদস্যসহ গ্রামবাসী।

ক্লাবের কর্মকর্তা রাসেল দেওয়ান, সুজন গায়েনসহ শতাধিক কর্মী এই আয়োজনকে সফল করতে গত একমাস ধরে কাজ করেছেন বলে জানান তিনি।

প্রধান শিক্ষক আনোয়ার পারভেজ বলেন, বাপ-দাদার আমল থেকেই এই প্রতিযোগিতা হচ্ছে। ঢাকার দোহার, নবাবগঞ্জ, টাঙ্গাইলের নাগরপুরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগী এবং দর্শনার্থীরা এটা দেখতে আসেন।

গরু দৌড় প্রতিযোগিতার পাশাপাশি ঘোড়াদৌড়, নারীদের জন্য পিলো পাসিং এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বাড়িয়ে দেয় নতুন মাত্রা। সংগীত শিল্পী জুয়েল মাহমুদসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা জনম জনম ধরে অব্যাহত থাকুক-এমনটিই প্রত্যাশা সবার।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!