মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২১
মাগুরার মহম্মদপুরে শনিবার সকালে দুদল গ্রামবাসির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লুটপাট ও বাড়িঘর ভাঙচুর হয়। উপজেলার পলাশবাড়ীয়া ইউপির রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের রুহুল মেম্বার গ্রুপ ও খাইরুল গ্রুপের মধ্যে ওই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ২১ জন আহত হয়েছে।
দীর্ঘদিন ধরে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। তারই সূত্র ধরে শনিবার সকাল ৬টার দিকে রুহুল গ্রুপের হারুন ও খাইরুল গ্রুপের সিকান্দারের মধ্যে মারামারি হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে যায়। এতে ১৫টি বাড়ি ভাংচুর ও লুটের ঘটনা ঘটে।
আহতরা হলেন, আ. রহমান, মুন্নি আক্তার, রেহেনা বেগম, আ. কুদ্দুস মোল্যা, পারভীন বেগম, উজ্জল মোল্যা, সোনালী খাতুন, লিটন মোল্যা, রমজান মোল্যা, মছিয়ার মোল্যা, ফুল মিয়া, শাহা আলম, খলিল মোল্যা, ফসিয়ার মোল্যা, আব্দুল আলিম, সালমা বেগম, সিকান্দার মোল্যা, শাহাজাহান মোল্যা, জলিল মোল্যা, ইসরাফিল মোল্যা এবং শরিফুল ইসলাম।
এদের মধ্যে গুরুত্বর আহত সিকান্দার মোল্যাকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মাগুরা থেকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়। আহতরা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।