বিয়ে করাতে গিয়ে কারাগারে বরের বাবা ও কাজী
বিয়ে করাতে গিয়ে কারাগারে যেতে হয়েছে বরের বাবা ও কাজীকে। সোমবার মধ্য রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাল্যবিয়ের দায়ে নিকাহ রেজিষ্টার (কাজী) ও বরের বাবার ৬ মাসের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলার বুড়িমারী ইউপির উফারমারা এলাকায় বাল্যবিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়ে কাজী ও বরের বাবাকে আটকের পর এ কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও পাটগ্রামের এসিল্যান্ড দীপক কুমার দেব শর্মা।
কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিদ্বয় হলেন, ওই এলাকার নিকাহ রেজিষ্টার (কাজী) রাবিউল ইসলাম ও বরের বাবা উফারমারা গ্রামের অহর উদ্দিনের পুত্র জনাব আলী।
.png)
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামে বুড়িমারী আমানতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীর সাথে একই গ্রামের জনাব আলীর পুত্র আবু বক্কর সিদ্দিকের বিয়ের প্রস্তুতি চলছিলো।
খবর পেয়ে পাটগ্রামের এসিল্যান্ড দীপক কুমার দেব শর্মা একদল পুলিশসহ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় সবাই পালিয়ে গেলেও নিকাহ রেজিষ্টার (কাজী) রাবিউল ইসলাম ও বরের বাবা জনাব আলীকে আটক করেন পুলিশ।
পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক এসিল্যান্ড দীপক কুমার দেব শর্মা দুই জনকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে অভিযুক্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদাণ করেন। মঙ্গলবার সকালে কারাদণ্ড প্রাপ্তদের লালমনিরহাট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমএস