ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফ্যান কারখানায় মৃত্যু, বই কিনতে চাকরি নেন ফয়সাল

গাজীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১৬, ১৬ ডিসেম্বর ২০১৯
ফ্যান কারখানায় মৃত্যু, বই কিনতে চাকরি নেন ফয়সাল
ছবি: সংগৃহীত

গাজীপুরের সদর উপজেলার লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে মারা গেছেন ফয়সাল খান (২১)। বই কেনার টাকা জোগাড় করতেই ওই কারখানায় তিনি চাকরি নিয়েছিলেন।

গত রোববার সন্ধ্যায় কেশরিতা গ্রামের ওই কারখানায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১০ শ্রমিকের মধ্যে ফয়সাল খান একজন। চাকরি শুরুর এক মাস যেতে না যেতেই আগুনে পুড়ে প্রাণ গেল তার।

জানা গেছে, জেলার কাজী আজিম উদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন ফয়সাল খান। সদর উপজেলার বাড়িয়া ইউপির কালনী এলাকায় তার বাড়ি।  এক ভাই ও এক বোনের মধ্যে তিনি বড় ছিলেন। বাবা সাইফুল খান অন্যের জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করেন। 

ফয়সালের খালাতো ভাই নাহিদ নুর বলেন, ২০১৭ সালে স্থানীয় আতুরি আদর্শ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন ফয়সাল। পরে কাজী আজিম উদ্দিন কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পাস করেন। একই কলেজে ব্যবস্থাপনা বিভাগে অনার্স প্রথমবর্ষে ভর্তি হন।

তিনি আরো বলেন, পরিবারের আর্থিক অনটনের কারণে বই কেনার টাকা জোগাড় করতেই ফ্যান কারখানায় চাকরি নেন ফয়সাল। তার ইচ্ছা ছিল এক মাস কাজ করার পর বেতন পেলে চাকরি ছেড়ে দেবেন এবং ওই টাকা দিয়ে বই কিনবেন।

নাহিদ নুর বলেন, কলেজের ক্লাস শেষে কারখানায় কাজ করতেন ফয়সাল। সকালে কলেজে ক্লাস করে বিকেল ৩টার দিকে তিনি কারখানায় কাজে করতে যেতেন।

আজ গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!