ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

পেঁয়াজ-রসুন ছাড়াই তৈরি করুন ‘কাশ্মীরি মাটন’

আঁখি আক্তার
প্রকাশিত: ১৫:০০, ২ নভেম্বর ২০১৯
পেঁয়াজ-রসুন ছাড়াই তৈরি করুন ‘কাশ্মীরি মাটন’
ফাইল ছবি

অনেকেরই ধারনা পেঁয়াজ-রসুন ছাড়া মাছ, মাংস রান্না করা একদমই অসম্ভব। কিন্তু আজকের রেসিপিটি হবে একদমই ভিন্ন। এই রেসিপিতে মাংস থাকবে ঠিক কিন্তু এতে থাকবে না পেঁয়াজ-রসুন।

কি শুনেই চমকে গেলেন! হ্যাঁ, কাশ্মীরি মাটন রেসিপিটি তৈরি হবে পেঁয়াজ রসুন ছাড়াই। কাশ্মীরি মশলা ও মরিচের ঝাঁজে মাটনের এই পদ ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই রেসিপিটিকে মাটন রোগানজোস-ও বলা হয়। মাটনের এই দুর্দান্ত রেসিপি তার লাল রং বা ‘রোগান’-এর জন্য বিখ্যাত।

এই কাশ্মীরি পদটির ভারতে আগমন ঘটে মোগলদের হাত ধরে। গরম ভাত বা নানের সঙ্গে জমে যায় এই পদটি। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: মাটন ১ কেজি, সরিষার তেল ৪ টেবিল চামচ, ছোট এলাচ ৪/৫ টি, দারচিনি ২/৩ টি, লবঙ্গ ৫/৬ টি, বড় এলাচ ২টি, তেজপাতা ২/৩ টি, টকদই ১ কাপ, হিং ১ চা চামচ, কাশ্মীরি মরিচ গুড়া ২ টেবিল চামচ, শুকনা মরিচ গুড়া ১ টেবিল চামচ, মৌরি গুড়া ১ টেবিল চামচ, শুকনা আদা গুড়া ১ টেবিল চামচ, ধনে গুড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ মতো,  গরম মশলা গুড়া ১ টেবিল চামচ, রতনযোগ পরিমাণ মতো।

প্রণালী: প্রেসার কুকারে সরিষার তেল ঢেলে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করুন। তারপর কুকারটি গ্যাস থেকে নামিয়ে রেখে সমস্ত গোটা মশলার ফোড়ন দিন। পুনরায় কুকারটি গ্যাসে চড়ান। এরপর সেদ্ধ করে রাখা মাটন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। মাটন হালকা ভাজা হয়ে গেলে তাতে ফেটানো টক দই দিন। এরপর একে একে সব গুঁড়া মশলা যোগ করে অল্প আঁচে ভাল করে কষান। মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে গরম পানি মিশিয়ে নাঁড়াচাড়া করুন। স্বাদ মতো লবণ দিন। গ্রেভির লাল রঙের জন্য যোগ করুন পরিমাণ মতো রতনযোগ। প্রেসারের ঢাকনা দিয়ে ৩ থেকে ৪ সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। সবশেষে গরম মশলার গুঁড়া মিশিয়ে নামিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু কাশ্মীরি মাটন।

ডেইলি-বাংলাদেশ/এএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!