ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

মজাদার ঝটপট চাল বিরুনী

কানিছ সুলতানা কেয়া
প্রকাশিত: ১৭:১৪, ২৮ অক্টোবর ২০১৯
মজাদার ঝটপট চাল বিরুনী
ছবি: সংগৃহীত

ভিনদেশী খাবারের ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু খাবার। এমনই এক মজাদার খাবার চাল বিরুনী। এটি একটি আঞ্চলিক খাবার। অনেকেই হয়ত নাম শুনেছেন। খেয়েছেন কি কখনো? এটি রান্না করা খুব সহজ আর স্বাদ? জানতে একবার রান্না করেই ফেলুন এই সহজ রেসিপিতে-      

উপকরণ: নাজিরশাইল চাল আধা কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, ডিম ৪ টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ২ টি, লবঙ্গ ২ থেকে ৩ টি, দারুচিনি ২ টুকরা, এলাচ ২ টি, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। 

প্রণালী: প্রথমে চাল ধুয়ে কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর একটি প্যানে শুধুমাত্র চাল দিয়ে তা ভাজতে থাকুন। চাল ফুটে লালচে হয়ে ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন। পাত্রে ভাজা চালের সঙ্গে ডিম বাদে সব উপকরণ দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিন। মাখানো চালে পরিমাণ মতো পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। চাল ফুটে নরম হয়ে এলে এবং পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। 

এবার একটি বড় কড়াইয়ে ২ টেবিল চামচ তেল দিন। এতে সামান্য লবণ, ডিম ভেঙে দিয়ে নেড়ে ভেজে নিন। এরপর সিদ্ধ করা চাল দিয়ে দিন। মাঝারি আঁচে ভাজতে থাকুন। ঝরঝরে ভাব হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ‘চাল বিরুনী’।  

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!