দোকানের চটপটি আর নয়, ঘরেই তৈরি করুন
বর্তমানে স্ট্রিটফুডগুলোর মধ্যে সবচাইতে সুস্বাদু ও লোভনীয় খাবার হচ্ছে চটপটি। এক প্লেট খেয়ে মন ভরে না কখনোই। মজা করে খেলেও কতটুকু স্বাস্থ্যকর উপায়ে তৈরি সে প্রশ্নটা কিন্তু থেকেই যায়! তাই বাড়িতেই স্বাস্থ্য সম্মত উপায়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন চটপটি। জেনে নিন সহজ রেসিপি-
উপকরণ: ডাবলি বুট দেড় কাপ, আলু সেদ্ধ ২ টি, টমেটো কুচি ১ টি, ডিম সেদ্ধ ১ টি, শসা কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি আধা চা চামচ, ধনে পাতা কুচি আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, চিনি সামান্য, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, তেতুল আধা কাপ।
স্পেশাল চটপটি মসলা: জিরা ১ টেবিল চামচ, ধনিয়া ১ টেবিল চামচ, পাঁচফোড়ণ আধা টেবিল চামচ, মৌরি আধা টেবিল চামচ, রাধুনি আধা চা চামচ, বিট লবণ ১ চা চামচ, লবঙ্গ ৫ থেকে ৬ টি, গোলমরিচ ১০ থেকে ১২ টি, শুকনো মরিচ ৪ থেকে ৫ টি। বিট লবণ ছাড়া সব উপকরণ হালকা আঁচে প্যানে ভেজে নিন। কিছুটা ঠাণ্ডা করে গ্রাইন্ডারে গুঁড়া করে নিন।
প্রণালী: প্রথমে ডাবলি বুটগুলো ২ থেকে ৩ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। ভালোভাবে ধুয়ে তিনগুণ পানি দিয়ে সেদ্ধ করে নিন। প্যানে তেল দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিন। এবার ডালসহ আলু, কাঁচা মরিচ, লবণ, হলুদ, চিনি, বানিয়ে রাখা চটপটির স্পেশাল মসলা, তেঁতুল দিয়ে রান্না করুন। পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিন। এবার শসা, টমেটো, কাঁচা মরিচ, ডিম, ধনে পাতা, ফুচকা ভেঙ্গে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।