ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেবে গেল সেতু, যান চলাচল ব্যাহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:১০, ১৯ ডিসেম্বর ২০১৯
দেবে গেল সেতু, যান চলাচল ব্যাহত
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি এলাকায় একটি সেতুর পাটাতন দেবে গেছে। এতে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

বুধবার সন্ধ্যার পর থেকে ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। ফলে বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, জয়পুরহাট, লালমনিরহাট, গাইবান্ধা ও নওগাঁর যানবাহনগুলো চলাচল করছে বিকল্প পথে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, চার থেকে পাঁচ দিন আগে পুরাতন ভূঁইয়াগাতি সেতুটির পাটাতন ছয় ইঞ্চির মতো দেবে যায়। ওই অবস্থায় যান চলাচল অব্যাহত ছিল। সন্ধ্যার পর থেকে সেতুটির একটি পাটাতন প্রায় ২-৩ ফুট দেবে যায়। ফলে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন, এ মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। সেতুর পাশ দিয়ে বিকল্প সড়ক নির্মাণ কাজ চলছে। আশা করছি ভোরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

সিরাজগঞ্জের এসপি টুটুল চক্রবর্তী বলেন, ক্ষতিগ্রস্ত সেতু দিয়ে হালকা যানবাহনও চলাচল করতে পারছে না। ঝুঁকি এড়াতে এ সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সড়ক বিভাগ। তবে যানবাহনগুলো বিকল্প পথে চান্দাইকোনা-সিরাজগঞ্জ ও ধুনট-কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!