জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারে আইজিপির ঈদ উপহার
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বুধবার পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বুধবার পাঠানো এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য এবং ঈদের পোশাক। প্রিয়জন হারানো এসব পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উপহার সামগ্রী পাঠানো হয়েছে।
.png)
সোহেল রানা বলেন, চলমান করোনা যুদ্ধে জীবন বিলিয়ে দেয়া ৭ পুলিশ সদস্য ও গত বছর দায়িত্বরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৯১ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বছর ১ মার্চ আনুষ্ঠানিকভাবে ঢাকায় এবং ঢাকার বাইরে প্রতিটি ইউনিটে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালনের মধ্য দিয়ে স্মরণ করে থাকে।
এছাড়া তাদের পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কল্যাণ শাখা থেকে নিয়মিত খোঁজখবর নেয়া হয়।