ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছিনতাই করতে গিয়ে আটক হলেন এটিএম বুথের নিরাপত্তা প্রহরী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১৭ মে ২০২০
ছিনতাই করতে গিয়ে আটক হলেন এটিএম বুথের নিরাপত্তা প্রহরী
আটক জিদান কবির

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করার সময় আটক হয়েছেন এটিএম বুথের এক নিরাপত্তা প্রহরী।

শনিবার রাতে চান্দিনা ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী বড়গোবিন্দপুর এলাকার জেনিন কোল্ড স্টোরেজের সামনে এ ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারী জিদান কবিরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  জিদান কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সিন্ধুরিয়াপাড়া গ্রামের সাজ্জাদ কবিরের ছেলে। সে আলেখারচর এলাকায় ভাড়ায় বসবাস করে এবং কুমিল্লার একটি এটিএম বুথের নিরাপত্তা প্রহরী।

আহত মোটরসাইকেল চালক বিপদ পাল কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিহারমন্ডল গ্রামের সত্যরঞ্জন পালের ছেলে। তিনি চান্দিনা সাহাপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করেন।

বিপদ পাল মহাসড়কে মোটরসাইকেল যোগে ভাড়ায় যাত্রী পরিবহন করেন। শনিবার বিকেলে ময়নামতি থেকে দুই জন যাত্রী নিয়ে চান্দিনায় আসার পথে একজন নিমসার বাজারে নেমে যান। অপরজন চান্দিনায় আসবেন বলে জানান। ওই চালক কোরপাই মিল গেট এলাকা অতিক্রম করার পর যাত্রীবেশী ওই ছিনতাইকারী চালককে কুপিয়ে মোটরসাইকেলটি ছিনতাই করার সময় হাতেনাতে তাকে আটক করে ময়নামতি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বলেন, ঘটনাস্থল চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় হওয়ায় আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যাই। ঘটনার তদন্ত করি এবং হাইওয়ে পুলিশ ছিনতাইকারীকে আমাদের কাছে হস্তান্তর করে।

ওসি আরো বলেন, আহত বিপদ পালকে নিয়ে পরিবারের লোকজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!